সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৪:৩৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় সংরক্ষিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ছিঁড়ে ফেলেছেন আবু তৈয়ব হাবিলদার নামের এক সাবেক শিক্ষার্থী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু ভবনের সংগ্রহশালা কক্ষে প্রবেশ করে তিনি ফ্রেম ভেঙে ছবিটি টুকরো টুকরো করেন। তিনি ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ছিলেন।
আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের ছাত্র ছিলেন। এছাড়া অতীতে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১০ ভোট পেয়ে আলোচনায় আসেন। ছবি ভাঙার আগে তিনি নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, কার্জন হলে দাঁড়িয়ে রাষ্ট্রভাষা বাংলার দাবি উপেক্ষা করে জিন্নাহ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী শিক্ষার্থীরা তাঁর মুখের ওপর তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও উল্লেখ করেন, ১৯৪৮ সালের ১১ মার্চ প্রিন্সিপাল আবুল কাশেমের নেতৃত্বে সাধারণ ছাত্ররা রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে নামেন এবং দুই হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। মহান ভাষা আন্দোলনের রক্তঝরা ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সেই ব্যক্তির ছবি কোনোভাবেই ডাকসুর গৌরবময় সংগ্রহশালায় স্থান পেতে পারে না বলে তিনি দাবি করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন