সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে, তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৯:১৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে, তারিখ ঘোষণা

ছবি - সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি থেকে শুরু হতে পারে। আসন্ন জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কারণে এবার নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা আয়োজনের কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক শিক্ষক সূত্রে এই তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছর ভর্তি পরীক্ষা এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভাব্য তারিখগুলোকে সামনে রেখে ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। ভর্তি কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন এমন একাধিক শিক্ষক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই পরীক্ষা গ্রহণ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এই তিনটি তারিখকে প্রাথমিক কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত ভর্তি কমিটির আনুষ্ঠানিক সভায় নেওয়া হবে।