বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৫:২৬ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

ছবি - সংগৃহীত

দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকের জন্য একটি বড় সুখবর এসেছে। তাদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাবে ছয়টি শর্তে চূড়ান্ত সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সকল প্রধান শিক্ষকই একই গ্রেডের আওতায় আসবেন।মঙ্গলবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীনরা ১২তম গ্রেডে বেতন পান। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সকলেই ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। তবে এই গ্রেড পরিবর্তনের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে।শর্তগুলোর মধ্যে রয়েছে—অর্থ বিভাগের সম্মতি গ্রহণ, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন এবং বিদ্যমান নিয়োগবিধি সংশোধন করা।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হলো প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের জন্য। চিঠিতে বলা হয়েছে, সরকারি আদেশ (জিও) জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন সকল প্রধান শিক্ষককে বাধ্যতামূলকভাবে ‘বেসিক ট্রেইনিং ফর প্রাইমারি টিচার্স’ (বিটিপিটি) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সম্মতির পর এখন বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষা স্তরের শীর্ষ পদে থাকা শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে, যা তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।