অক্টোবর ১৪, ২০২৫, ১১:২৮ এএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সোমবার (১৩ অক্টোবর) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সম্প্রতি শেষ হওয়া ‘জেন-জি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’-এর এক ম্যাচের জের ধরে সংঘর্ষ শুরু হয়। ঘটনার দিন বিকেলে চকবাজার এলাকায় পরিসংখ্যান বিভাগের কয়েকজন শিক্ষার্থী মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যায় উভয় বিভাগের শিক্ষার্থীরা শহীদ আবু সাঈদ চত্বরে মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা হামলা চালালে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী প্রান্ত ঘোষ মাথায় গুরুতর জখম হন। সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে থাকা ছবির ফ্রেমও ভাঙচুর করা হয়।
এরপর ভুলক্রমে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুফ আলী আহত হলে সেই বিভাগের শিক্ষার্থীরাও সংঘর্ষে যোগ দেন। মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা তখন একাডেমিক ভবন-৩-এ আশ্রয় নিলে অন্য দুই বিভাগের শিক্ষার্থীরা ভবনটি ঘেরাও করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। উত্তেজিত শিক্ষার্থীরা পরে নিচতলার সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষগুলো ভাঙচুর করেন।
রাত সাড়ে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত জনবল না থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতেই জরুরি বৈঠকে বসে। শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে উপাচার্য ড. শওকাত আলী সাংবাদিকদের জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে মার্কেটিং বিভাগের আটজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
উপাচার্য বলেন, "বহিষ্কারের এই সংখ্যা আরও বাড়তে পারে। আমরা সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ও তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেব।"
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন — সাফায়েত শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ ও আশরাফুল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন