রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ১১:৫৬ এএম

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি - সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবিত আইনে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) স্তর বিলুপ্ত করার আশঙ্কায় আবারও রাজপথে নেমেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শত শত শিক্ষার্থী একটি মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মিরপুর রোডসহ সায়েন্সল্যাব এলাকার আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বলছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইনে ঢাকা কলেজের ১৮০ বছরের ঐতিহ্যবাহী উচ্চমাধ্যমিক স্তর বিলুপ্ত করার যে ধারা রয়েছে, তা বাতিল করতে হবে।

তারা বলেন, “ঐতিহ্যবাহী ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক থাকবে, রাখতে হবে।” দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন।এর আগে, গত রোববারও (১২ অক্টোবর) একই দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেয়াম দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পরও তাদের দাবির বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় আজ তারা আবারও সড়ক অবরোধ কর্মসূচিতে নেমেছেন।

উল্লেখ্য, গতকাল সোমবারই সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের দাবিতে ‘শিক্ষা ভবন’ অভিমুখে পদযাত্রা করেছিল। এর একদিন পরই ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের এই ভিন্নধর্মী আন্দোলন পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।