রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাকসুর ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৯:৫৭ এএম

রাকসুর ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

ছবি- সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের স্বতন্ত্র প্রার্থী।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান (জাহিদ) ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদেও জয় পেয়েছে ছাত্রশিবির। তাদের প্রার্থী এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।

এবারের রাকসু নির্বাচনে প্রায় ৬৯.৮৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে এটি বেসরকারি ফলাফল, চূড়ান্ত ফলাফল পরবর্তীতে ঘোষণা করা হবে।