রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাকসু নির্বাচনে হেরে কী বললেন ছাত্রদলের এষা?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ১০:৩৩ এএম

রাকসু নির্বাচনে হেরে কী বললেন ছাত্রদলের এষা?

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফল ঘোষণার পর নিজের পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা।শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে এষা লেখেন, “শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত! সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। দোয়া রাখবেন আমার জন্য! অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের।”

নির্বাচনে এজিএস পদে এষা ৫ হাজার ৯৫১ ভোট পেয়েছেন। এই পদে ৬ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির।

উল্লেখ্য, শুক্রবার সকালে রাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বামজোট সমর্থিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার বিজয়ী হয়েছেন।

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে একমাত্র ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন জাতীয় দলের ফুটবলার নার্গিস খাতুন।নির্বাচনে পরাজয়ের পরও জাহিন বিশ্বাস এষার এই গণতান্ত্রিক ও সৌজন্যমূলক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।