সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কীভাবে কাজ করবেন, জানালেন নবনির্বাচিত রাকসু ভিপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৭:১১ পিএম

কীভাবে কাজ করবেন, জানালেন নবনির্বাচিত রাকসু ভিপি

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। বিজয়ী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি সকল ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করার এবং বিজিত প্রার্থীদের সঙ্গে নিয়েই একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মোস্তাকুর রহমান বলেন, “এই সফলতার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।

আমরা শিক্ষার্থীদের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী কাজ করব। যারা জয়ী হতে পারেননি, তাদের সংখ্যাও অনেক। আশা করব, তারাও আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। বিজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই আমরা এই ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যাব।”

এর আগে, আজ সকালে রাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২,৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।

তবে, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১১,৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বামজোট সমর্থিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।