অক্টোবর ২২, ২০২৫, ০৪:১৪ পিএম
সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টার এই আচরণকে ‘অসম্মানজনক’ ও ‘গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা’ হিসেবে আখ্যায়িত করে তারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন। এই ঘটনার প্রতিবাদে বুধবার, ২২ অক্টোবর, তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষকদের সংগঠন ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’।
সংগঠনের নেতারা জানিয়েছেন, ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভ থেকে তারা শিক্ষা উপদেষ্টার আচরণের প্রতিবাদ জানাবেন এবং তাদের দাবিগুলো পুনরায় তুলে ধরবেন।দিনভর কী ঘটেছিল সে সম্পর্কে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বিস্তারিত জানান।
তিনি বলেন, ‘আজ (বুধবার) আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবরে স্মারকলিপি প্রদান করা এবং আমাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা।’ সে অনুযায়ী শিক্ষকরা সচিবালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করলে প্রথমে তারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধার মুখে পড়েন। কাজী মোখলেছুর রহমান আরও বলেন, ‘অনেক বাধার পরও পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করতে সক্ষম হয়।’
কিন্তু মূল ঘটনা ঘটে এরপর। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, শিক্ষা উপদেষ্টা অন্তত আমাদের সঙ্গে একটি সৌজন্যমূলক আচরণ করবেন বা সাক্ষাৎ দেবেন। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন।’এই ঘটনায় শিক্ষকরা মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছেন। জোটের চেয়ারম্যান বলেন, ‘শিক্ষকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টা শিক্ষক সমাজকে অসম্মান করেছেন। এই কারণেই আমরা তার পদত্যাগ দাবি করছি।’ তিনি হুঁশিয়ারি দেন যে, বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এই দাবি আরও জোরালোভাবে উত্থাপন করবেন।
তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান এই শিক্ষক নেতা। ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করে আসছেন। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের এই দাবিগুলো পেশ করতেই তারা আজ সচিবালয়ে গিয়েছিলেন, কিন্তু শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে তাদের সেই ক্ষোভ এখন নতুন কর্মসূচিতে রূপ নিলো।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন