রকিবুল হাসান মুন্না
অক্টোবর ২৪, ২০২৫, ০৮:৫৮ পিএম
দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে গাজীপুরের টঙ্গিতে তার বাড়িতে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি নিলয়ের পরিবারের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে নিলয় চোখে গুরুতর আঘাত পান। বর্তমানে তিনি চিকিৎসাধীন। রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ জানান, "নিলয়ের চোখের অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি এখন চোখ মেলতে ও দেখতে পারছেন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী এক মাস তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।"
রেজিস্ট্রার আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিলয়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনা অনুযায়ী, নিলয়ের অসুস্থতার কারণে তার শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীও নিলয় সরকারকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন।