অক্টোবর ২৬, ২০২৫, ০৭:১৮ পিএম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বিল আগামী ২৭ তারিখের মধ্যে অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ অক্টোবর) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের apps.emis.gov.bd লিংকে প্রবেশ করে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এই বিল সাবমিট করতে হবে।নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান সংযুক্ত নির্দেশিকা অনুসরণ করে তার প্রতিষ্ঠানের প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য বিধি মোতাবেক প্রাপ্য বেতন-ভাতার পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করে অনলাইনে বিল জমা দেবেন। এই প্রক্রিয়ায় কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে, পদত্যাগ করলে, সাময়িকভাবে বরখাস্ত হলে,
অনুমোদনহীনভাবে অনুপস্থিত থাকলে বা অন্য কোনো কারণে বিধি অনুযায়ী বেতন আংশিক বা সম্পূর্ণ কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে, প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিট অপশনে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। যদি ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ সময়মতো প্রেরিত না হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
উল্লেখ্য, সরকার গত ১ জানুয়ারি, ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক হিসাবে প্রদান করে আসছে। গত আগস্ট মাস থেকে এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে বিল জমা দেওয়ার ব্যবস্থা যুক্ত করা হয়েছে। মাউশি কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ২৭ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে, অক্টোবর মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সকল প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন