সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষক-কর্মকর্তাদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৩:০৬ পিএম

শিক্ষক-কর্মকর্তাদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বড় সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় তাদের আওতাধীন সব প্রতিষ্ঠান ও দপ্তরকে চিঠি দিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখা থেকে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের গত ১৮ সেপ্টেম্বর জারি করা একটি পরিপত্র যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের পুনঃনির্ধারিত দৈনিক প্রশিক্ষণ ভাতা প্রদানের ব্যবস্থা নিতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, সরকারি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী, ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ের প্রশিক্ষণার্থীরা কেন্দ্রে অবস্থানকালীন দৈনিক ৮০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ১০০০ টাকা ভাতা পাবেন। অপরদিকে, ১০ম গ্রেড থেকে এর নিচের পর্যায়ের কর্মচারীরা কেন্দ্রে অবস্থানকালীন ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ৭০০ টাকা ভাতা পাবেন।

তবে এই ভাতা প্রদানের ক্ষেত্রে চারটি শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলো হলো: এ খাতে বরাদ্দকৃত অর্থ থেকেই এই ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না। এই ব্যয়ে যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে। নিজস্ব রিসোর্স সিলিংয়ের মধ্যেই এই ব্যয় নির্বাহ করতে হবে এবং এতে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।