রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন কখন, জানাল মাউশি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৫:১৯ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন কখন, জানাল মাউশি

বেসরকারি স্কুল ও কলেজগুলোতে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ রোববার (০২ নভেম্বর) অথবা আগামীকাল সোমবার (০৩ নভেম্বর) বেতনের সরকারি আদেশ (জিও) জারি হতে পারে বলে জানা গেছে। জিও জারির পর শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন-ভাতা তুলতে পারবেন।রোববার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, অক্টোবর মাসের বেতনের জিও আজ অথবা আগামীকাল সোমবার জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। জিও জারি হলে এটি বাংলাদেশ ব্যাংক হয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক পাঠানো হবে। আশা করা যাচ্ছে, আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) নাগাদ ব্যাংক থেকে টাকা তোলা সম্ভব হবে। কোনো কারণে ওইদিন টাকা তুলতে না পারলে পরদিন বুধবার (০৫ নভেম্বর) পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারী তাদের অক্টোবর মাসের বেতন-ভাতা তুলতে পারবেন।

জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো বেতনের প্রস্তাব বা বিল অনলাইনে দাখিল করার পর তা মাউশি অধিদপ্তরে যাচাই-বাছাই করা হয়। এরপর এটি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ পূর্বের তুলনায় আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।