নভেম্বর ৬, ২০২৫, ০১:৩৯ পিএম
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় একযোগে প্রকাশিত হবে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে এবং কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত দিনে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী তাদের ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন (চ্যালেঞ্জ) করেছেন।
এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে (১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা) এবং সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে (১৭ হাজার ৪৮৯টি খাতা)। বিষয়ভিত্তিকভাবে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে গড় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। ফল প্রকাশের পরদিন (১৭ অক্টোবর) থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন