জুন ৬, ২০২৬, ১২:৫৯ পিএম
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা শেখাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের জন্য অভিনব এই অ্যাসাইনমেন্ট নির্ধারণ করেছেন।
এতে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষরোপণ করতে হবে।এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করলে একজন শিক্ষার্থী পরীক্ষায় এক নম্বর অর্জন করবে।বিভাগের ২৪তম ও ২৫তম ব্যাচের প্রায় ১১০ জন শিক্ষার্থীকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
উদ্দেশ্য হলো, পড়াশোনার পাশাপাশি প্রকৃতির প্রতি শিক্ষার্থীদের দায়িত্ববোধ তৈরি করা। অধ্যাপক কাজী মো. ইউসুফ বলেন, প্রাপ্ত নম্বরের ইতিবাচক প্রভাব সরাসরি সমাজ ও দেশের ওপর পড়া উচিত। জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রতিটি শিক্ষার্থী গাছ লাগালে তা ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে।
গ্র্যাজুয়েশনের সঙ্গে বৃক্ষরোপণকে যুক্ত করার ধারণাটি বিশ্বব্যাপী জনপ্রিয়।শিক্ষার্থীরা এই উদ্যোগকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাসেল রায় বলেন, গাছ লাগানোর অভিজ্ঞতা তাদের মধ্যে ভিন্ন এক তৃপ্তি এনে দিয়েছে। ব্যাচের সবাই মিলে পরিবেশের জন্য কাজ করার অনুভূতি সত্যিই আনন্দের। অন্য আরেক শিক্ষার্থী জানান, এই অ্যাসাইনমেন্ট তাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে এসেছে এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
এমন কার্যক্রম সমাজমুখী মানসিকতা গড়তে সাহায্য করবে।বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান নয়, বরং মানবিক ও সামাজিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্র। হাবিপ্রবির এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব চিন্তাভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন