রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হাবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন তিন সদস্য নিয়োগ

মোঃ রাহাত হোসেন

জুলাই ৩, ২০২৬, ১১:৫৫ পিএম

হাবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন তিন সদস্য নিয়োগ

ছবি : দিনাজপুর টিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডে তিন সদস্যকে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন মনোনীত সদস্যরা আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১৮(১)(চ) ও ১৮(৪) অনুযায়ী এই মনোনয়ন প্রদান করা হয়েছে। নতুন মনোনীত সদস্যরা হলেন— বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ড. মোঃ মাহফুজ বাজ্জাজ।

রিজেন্ট বোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নতুন নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।নিয়ম অনুযায়ী, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তাদের এই দায়িত্ব কার্যকর হবে।