রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

কৃষিকে সহজ করতে হাবিপ্রবির ছাত্রের তৈরি স্মার্ট কৃষিসেবা প্ল্যাটফর্ম

মোঃ রাহাত হোসেন

জুলাই ২৯, ২০২৬, ০৭:১৮ পিএম

কৃষিকে সহজ করতে হাবিপ্রবির ছাত্রের তৈরি স্মার্ট কৃষিসেবা প্ল্যাটফর্ম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মডেশ চাকমা তৈরি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট কৃষিসেবা প্ল্যাটফর্ম ক্রপস ডক্টর। মাঠপর্যায়ে ফসলের রোগবালাই দ্রুত শনাক্ত এবং কৃষকদের ঘরে বসে সঠিক ও সময়োপযোগী পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই উদ্ভাবন করা হয়েছে।২১ ব্যাচের শিক্ষার্থী মডেশ চাকমা।

এই প্ল্যাটফর্মটিতে রয়েছে রোগ শনাক্তকারী বিশেষ ফিচার। আক্রান্ত গাছের ছবি আপলোড করলেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে রোগ নির্ণয় করা সম্ভব হয় এবং সঙ্গে সঙ্গেই সম্ভাব্য সমাধানের দিকনির্দেশনা পাওয়া যায়। বর্তমানে ধান, গম, ভুট্টা, আলু, টমেটো, চা, আখ, পাট, সরিষা, আম, কলা, বেগুন, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা ও হলুদসহ বহু গুরুত্বপূর্ণ ফসলের রোগ শনাক্ত ও সমাধানের সেবা মিলছে এতে।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি কৃষকদের জন্যও প্ল্যাটফর্মটিতে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি যুক্ত করা হয়েছে। পাশাপাশি আরও কিছু ভাষা যুক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা সহজেই নিজেদের ভাষায় প্রয়োজনীয় তথ্য গ্রহণ করতে পারেন।

রোগ শনাক্তের পাশাপাশি জমির পরিমাণ ও ফসলের জাত অনুযায়ী সার ও কীটনাশকের সঠিক পরিমাণ নির্ধারণের জন্য বিশেষ ক্যালকুলেটর সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি চাষাবাদের সময়ভিত্তিক নির্দেশনা ও চব্বিশ ঘণ্টা সচল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর সাহায্যও নিতে পারছেন কৃষকরা। উপগ্রহ ও ড্রোন বিশ্লেষণের মাধ্যমে বৃহৎ কৃষিজমি পর্যবেক্ষণ এবং মাটির উর্বরতা মূল্যায়নের ব্যবস্থাও এতে যুক্ত করা হয়েছে।

উদ্ভাবক মডেশ চাকমার মতে, এটি কেবল একটি প্রযুক্তিগত মাধ্যম নয়, বরং খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সময়মতো রোগ শনাক্ত হলে ফসলের ক্ষতি কমবে এবং কৃষকের খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ইতোমধ্যে আমেরিকা, ভারত, চীন ও ইন্দোনেশিয়ার কৃষকরাও এই প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করেছেন। ব্যবহার আরও সহজ করতে মোবাইল অ্যাপ তৈরির কাজও এগিয়ে চলছে, যা খুব দ্রুত সবার হাতে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন তরুণ এই উদ্ভাবক।