রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে দুই ক্যাম্পাস ডিরেক্টর

মোঃ রাহাত হোসেন

সেপ্টেম্বর ৪, ২০২৬, ১১:১৮ পিএম

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে দুই ক্যাম্পাস ডিরেক্টর

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মিলেনিয়াম ফেলোশিপের ২০২৬ সালের শ্রেণিতে স্থান করে নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বের ছয় হাজারের বেশি ক্যাম্পাসের আবেদনের মধ্য থেকে নির্বাচিত ৩৩০টিরও বেশি শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে উত্তরাঞ্চলের এই প্রধান উচ্চশিক্ষা বিদ্যাপীঠ। 

জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এই ফেলোশিপে এবার বিশ্ববিদ্যালয়টি থেকে মোট ২২ জন শিক্ষার্থী আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাচ্ছেন। তরুণ ফেলোদের পরিচালিত সামাজিক উদ্যোগগুলো সমন্বয় করতে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব লাভ করেছেন।

নির্বাচিত দুই ক্যাম্পাস পরিচালক অনিমেষ চক্রবর্তী তপু এবং নিশিতা সাহা নদী মনোনীত ২২ জন ফেলোকে সাথে নিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সক্রিয় নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রতিনিধিত্বকে তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ এক স্বীকৃতি বলে উল্লেখ করেছেন। তাদের মতে, নির্বাচিত ফেলোদের উদ্ভাবনী মেধা ও সৃষ্টিশীল উদ্যোগগুলোকে বৈশ্বিক কাঠামোর সাথে সমন্বয় করে সঠিক পথে পরিচালনা করাই হবে তাদের প্রধান দায়িত্ব। 

এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্ভাবন ও জনকল্যাণমূলক কাজের মেলবন্ধন ঘটিয়ে মাঠপর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য।মিলেনিয়াম ফেলোশিপ মূলত একটি আন্তর্জাতিক শিক্ষার্থী নেতৃত্ব ও সামাজিক প্রভাবভিত্তিক বিশেষ কর্মসূচি। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই ব্যবস্থার মাধ্যমে নেতৃত্ব বিকাশের পাশাপাশি বৈশ্বিক নানা সংকট নিরসনে কার্যকর গবেষণা ও সামাজিক প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ পান।