রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খ্যাতিমান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় আর নেই

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ১০:০৬ এএম

খ্যাতিমান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় আর নেই

ওপার বাংলার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় আর নেই। রোববার (৮ ডিসেম্বর) রাতে কলকাতার বাঙুর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘ অভিনয় জীবনে তিনি কয়েকশো ছবিতে কাজ করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এবং সম্প্রতি তাঁর চিকিৎসা চলছিল বাঙুর হাসপাতালে।

কিন্তু শেষরক্ষা হয়নি, রোববার রাত ৮টা বেজে ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই গুণী অভিনেতার প্রয়াণে টালিপাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ইতিমধ্যে আর্টিস ফোরামের তরফ থেকে প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এরপর রাত দেড়টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে কল্যাণ চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়।১৯৪২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন কল্যাণ চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর আকর্ষণ ছিল তীব্র। ১৯৬৮ সালে ‘আপনজন’ সিনেমার মাধ্যমে তিনি টালিউডে যাত্রা শুরু করেন। একের পর এক ছবিতে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিতে থাকেন। তিনি কিংবদন্তি সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে অভিনয় করেছেন।

এছাড়া মহানায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো খ্যাতিমান অভিনেতাদের সঙ্গেও তাঁকে পর্দায় দেখা গিয়েছে। শুধু টালিউড নয়, বলিউডের ছবিতেও তাঁর উপস্থিতি ছিল লক্ষণীয়। তিনি পরিচালক সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে কাজ করেছেন। এমনকি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো শিল্পীর সঙ্গেও তিনি পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সাগিনা মাহাতো’, ‘ধন্যি মেয়ে’ এবং ‘সফেদ হাতি’। চলচ্চিত্র জগতে তাঁর এই দীর্ঘ এবং বর্ণাঢ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।