সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফেসবুক পোস্ট থেকে অহনার পতন

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:৫৬ পিএম

ফেসবুক পোস্ট থেকে অহনার পতন

বর্তমানে বেছে বেছে নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা। সেই ধারাবাহিকতায় এই সময়ের গুণী, মেধাবী নাট্যনির্মাতা মহিন খানের রচনা ও পরিচালনায় তিনি অভিনয় করেছেন ‘পতন’ শিরোনামের একটি নাটকে। নাটকের গল্প ভাবনা এবং চিত্রনাট্য দারুণ হয়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

নাটকের গল্প প্রসঙ্গে মহিন খান জানান, ‘ফেসবুকের একটি পোস্ট থেকে গল্প ভাবনাটা আমার নেওয়া হয়েছে।’ গল্পে দেখা যাবে, অহনার স্বামীর সঙ্গে তার বেশ সুখের সংসার চলছিল।

কিন্তু একটা সময় এসে অহনা চাকরি করতে চান। স্বামী তার আবদার মেনে নিয়ে পাঁচ লাখ টাকা ম্যানেজ করে স্ত্রীকে ব্যাংকে একটি চাকরির ব্যবস্থা করে দেন।

কিন্তু চাকরি পাওয়ার পর অহনার আচার-আচরণ সম্পূর্ণ বদলে যায়। একসময় সে এই স্বামীর সঙ্গেও সংসার করতে চায় না। কিন্তু জীবনের বাঁকে একটি সময় এসে তার চাকরিটা চলে যায় এবং দিশেহারা হয়ে পড়েন অহনা। আর ঠিক তখনই অহনা নিজের জীবনের বাস্তবতা উপলব্ধি করতে পারেন। এমনই একটি জীবন ঘনিষ্ঠ গল্প নিয়ে মহিন খান নির্মাণ করেছেন ‘পতন’ নাটকটি।নাটক প্রসঙ্গে অহনা বলেন, ‘মহিনের নির্দেশনায় এর আগেও আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তবে এই নাটকের গল্প ভাবনা এবং চিত্রনাট্য এক কথায় দারুণ হয়েছে।’ তিনি জানান, তিনি তার চরিত্রে যথাযথভাবে অভিনয় করার চেষ্টা করেছেন।

অহনা মনে করেন, একটি ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে তিনি চেষ্টা করেন চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। ‘পতন’ নাটকের চরিত্রটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তিনি কাজটি মন দিয়ে করেছেন এবং আশা করছেন প্রচারে এলে নাটকটি দর্শকের ভালোলাগবে। অহনা মহিন খানকে ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। উল্লেখ্য, অহনা অভিনীত প্রথম সিনেমা ছিল ‘চাকরের প্রেম’, এতে তিনি আমিন খানের বিপরীতে অভিনয় করেন। সর্বশেষ সাইমন সাদিকের বিপরীতে তাকে ‘চোখের দেখা’ সিনেমাতে অভিনয়ে দেখা যায়। নির্মাতা মহিন খান জানিয়েছেন, ‘পতন’ নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।