রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:৪০ পিএম

আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং তাঁর স্ত্রী রোজা আহমেদের সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন অবশেষে সত্য প্রমাণিত হলো। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই আলাদা হয়ে গেছেন এই দম্পতি। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের সমালোচনা ও অগণিত ফোন কলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তাহসান।

শনিবার দেশের একটি জাতীয় দৈনিকের দেওয়া সাক্ষাৎকারে তাহসান নিজেই আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এই কঠিন সময়ে বিরক্তি ও আর্তনাদ প্রকাশ করে তিনি বলেন, “প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।

তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আহমেদ আর একসঙ্গে থাকছেন না। ঠিক কী কারণে তাদের এই বিচ্ছেদ ঘটছে, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন তিনি।

 তবে গুঞ্জন যে সত্য, তা স্পষ্ট করে তাহসান বলেন, “যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। কয়েক মাস ধরেই আলাদা থাকছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা দেওয়া হবে।উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর পেশাদার মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান খান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দাম্পত্য জীবন এক বছরও স্থায়ী হলো না।

এর আগে, ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসার ভেঙে যায় ২০১৭ সালে। সেই সংসারে তাহসানের একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে।তাহসানের ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনে ভক্তদের মাঝে শোক ও বিস্ময় বিরাজ করছে। বর্তমান পরিস্থিতিতে তিনি সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।