এপ্রিল ২৮, ২০২৬, ১২:৩৩ এএম
চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বাবা দেবু প্রসাদ রায়ের গ্রেপ্তার ও আইনি জটিলতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। রোববার (২৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে নিজের ব্যাখ্যা দেন।মিজানুর রহমান নামের এক ভুক্তভোগীর করা মামলায় ডিএমপির ক্যান্টনম্যান্ট থানা পুলিশ দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা চেরিকে জড়িয়ে নানা আলোচনা শুরু হয়।পূজা চেরি তার পোস্টে জানিয়েছেন, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
তিনি উল্লেখ করেন, গত ১০-১২ বছর ধরে তিনি মিডিয়াতে কাজ করছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ নিজেই নির্বাহ করছেন।আর্থিক লেনদেনের বিষয়ে পূজা বলেন, তার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই।
এমনকি তিনি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নন।একজন শিল্পী হিসেবে দর্শকদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে পূজা বলেন, পরিবারের সদস্য হওয়ার সূত্রে এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক। তবে বিষয়টিকে তিনি তার বাবার একান্তই ব্যক্তিগত আইনি বিষয় হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে।
পরিশেষে এই স্পর্শকাতর সময়ে তাকে বা তার কাজকে অহেতুক এই ঘটনার সাথে না জড়ানোর জন্য সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন পূজা চেরি। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে এবং বিষয়টি বিজ্ঞ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন