বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নতুন রুপে ফিরছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

মে ১১, ২০২৬, ০৬:৩৪ পিএম

নতুন রুপে ফিরছেন পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা

অভিনয় ও সৌন্দর্য দিয়ে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এখন অভিনয় থেকে অনেক দূরে রয়েছেন। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির খবর নেই এবং নাটকেও তিনি অনেক দিন অনুপস্থিত। তবে এই নায়িকাকে শিগগির সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রে দেখা যাবে।

১৯৭০ সালে ভোলা জেলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ‘অস্তিত্বের লড়াই’ নামের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব। এফডিসিতে দৃশ্য ধারণের মাধ্যমে এরই মধ্যে এর শুটিং শেষ হয়েছে। 

বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থা বা মাউসের জন্য এটি নির্মিত হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় এটি নির্মাণ করা হয়।পূর্ণিমা এই কাজ প্রসঙ্গে জানান, প্রামাণ্যচিত্রের ভাবনা ভালো লাগায় মানুষকে সচেতন করতে দায়িত্ববোধের জায়গা থেকে তিনি কাজটি করেছেন। তিনি সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চান বলে উল্লেখ করেন।

পরিচালক গাজী মাহবুব জানান, প্রামাণ্যচিত্রের গল্পে ১৯৭০ সালের বন্যার সেই মর্মান্তিক কাহিনি এবং বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়গুলো উঠে আসবে। এটি মানবসুর উন্নয়ন সংস্থার আয়োজনে জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রদর্শিত হবে। এছাড়া এটি ইন্টারনেটেও প্রকাশিত হবে।অনুষ্ঠানে সারা দেশ থেকে দুই হাজার স্বেচ্ছাসেবী সংগঠনকে দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হবে বলে সংস্থার নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভু জানিয়েছেন। 

প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংস্থার ফেসবুক পেজে প্রকাশ করা হচ্ছে।প্রামাণ্যচিত্রটিতে পূর্ণিমা ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরী। প্রামাণ্যচিত্রটি মূলত জনসচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।