রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

শাকিবের বডিগার্ডদের বাধা ছবি তুলতে না পেরে কাঁদলেন রিপন

বিনোদন ডেস্ক

মে ১৫, ২০২৬, ১১:৩০ এএম

শাকিবের বডিগার্ডদের বাধা ছবি তুলতে না পেরে কাঁদলেন রিপন

শাকিব ভক্তের আফসোস

মেগাস্টার শাকিব খানের দেখা পেলেও শেষ পর্যন্ত প্রিয় নায়কের সঙ্গে একটি ছবি তুলতে না পেরে চরম হতাশ হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিব খানের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে নিরাপত্তাকর্মী বা বডিগার্ডদের কড়া পাহারার কারণে শাকিব ভক্ত এই তরুণের প্রিয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি।

রিপন মিয়া জানান, অনুষ্ঠানের একপর্যায়ে তিনি শাকিব খানের কাছে যাওয়ার চেষ্টা করেন। তবে সেখানে থাকা বডিগার্ডরা তাকে বাধা দেয়। এ সময় তিনি বেশ কয়েকবার অনুরোধ করলেও শেষ পর্যন্ত প্রিয় নায়কের পাশে দাঁড়ানোর সুযোগ পাননি। এক বুক কষ্ট আর আফসোস নিয়েই তাকে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে হয়েছে।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের যন্ত্রণার কথা জানান রিপন মিয়া। কান্নায় ভেঙে পড়ে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, শাকিব ভাইয়ের বডিগার্ডগুলো তাকে ছবি তুলতে দেয়নি। সবাই যখন ছবি তুলছিল, তখন তারও খুব ইচ্ছে ছিল একটি ছবি তোলার। 

কিন্তু বডিগার্ডরা তিন-চারবার অনুরোধ করার পরেও তাকে সুযোগ দেয়নি। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন।শাকিব খানের প্রতি নিজের আজন্ম ভালোবাসার কথা উল্লেখ করে রিপন বলেন, ছোটবেলা থেকেই তিনি মেগাস্টারের সিনেমা দেখেন। শাকিব খানের অভিনয়, নাচ এবং গান—সবকিছুই তার কাছে অসাধারণ লাগে। প্রিয় তারকার মুক্তিপ্রাপ্ত প্রতিটি কাজই তিনি নিয়মিত দেখেন। একজন অন্ধ ভক্ত হিসেবে শাকিব ভাইয়ের সঙ্গে একটি ছবি তুলতে না পারাটা তার জীবনের বড় এক আফসোস হয়ে থাকবে বলে তিনি জানান।

রিপন মিয়ার এই কষ্টের কথা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই শাকিব ভক্ত এই তরুণের প্রতি সমবেদনা জানিয়েছেন। একজন সাধারণ ভক্তের এমন আবেগঘন প্রতিক্রিয়া ঢালিউড পাড়াতেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। শাকিব খানের প্রতি রিপনের এই নিখাদ ভালোবাসা ভক্ত মহলে প্রশংসিত হচ্ছে। তবে সেই কাঙ্ক্ষিত ছবিটি তুলতে না পারার বেদনাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে এই কনটেন্ট ক্রিয়েটরের কাছে।