মে ১৬, ২০২৬, ০২:০১ পিএম
থালাপতি বিজয়ের নতুন ছবি `জানা নায়গান` সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন প্রধান তিন অভিযুক্ত। ভারতের চেন্নাইয়ের সাইবার ক্রাইম বিভাগের দায়ের করা মামলায় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ছবিটির সহকারী সম্পাদক প্রশান্ত ছাড়াও সেলভাম ও বালকৃষ্ণান নামের দুই ব্যক্তি রয়েছেন।
বহুল প্রতীক্ষিত এই সিনেমাটির শুটিং অনেক আগে শেষ হলেও এটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।ছাড়পত্র পাওয়ার আগেই গত ৩ এপ্রিল অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটির পুরো কপি অবৈধভাবে ফাঁস হয়ে যায়।
এইচ বিনোথ পরিচালিত এই সিনেমাটি চলতি ২০২৬ সালের পোঙ্গল উৎসবকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ছবিটির রাজনৈতিক প্রেক্ষাপট ও বার্তা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় সেন্সর বোর্ড এর ছাড়পত্র সাময়িকভাবে আটকে দেয়।
পরবর্তীতে গত মার্চ মাসে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর কথা থাকলেও সেন্সর কমিটির এক সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়। ছবিটির প্রযোজক কে ভেঙ্কট নারায়ণ জানান, সিবিএফসি থেকে ছাড়পত্র পাওয়া মাত্রই এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। অভিনেতা বিজয় বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ায় ছবির পুরো টিম অত্যন্ত আনন্দিত বলে তিনি উল্লেখ করেন।
রাজনীতিতে পূর্ণকালীন সময় দেওয়ার লক্ষ্যে বিনোদন জগত থেকে সম্পূর্ণ অবসরের ঘোষণা দেওয়ায় এটিই বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা। এই ছবিতে বিজয় ছাড়াও ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ ও গৌতম বাসুদেব মেননের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা অভিনয় করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন