মে ১৯, ২০২৬, ০৬:৫২ পিএম
আসন্ন ঈদুল আযহার বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পেতে যাচ্ছে নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম তাজমহল। সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ফিল্মটি। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে এই বিশেষ গল্পের নতুন জুটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এই চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন বাংলাদেশের অভিনেতা ফাইজুল ইয়ামিন এবং কলকাতার সৃজা দত্ত।কলকাতার পরিচিত মুখ সৃজা দত্ত এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার পা রাখছেন।
এর আগে টলিউড অভিনেতা দেবের বিপরীতে বাঘা যতীন ছবি দিয়ে বড়পর্দায় নজরকাড়া অভিষেকের পর তিনি টেক্কা এবং নিশির ডাক-এ মুখ্য চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন। এবার তাজমহলের একটি চমৎকার চরিত্রে নিজের অভিনয়ের দ্যুতি ছড়াতে পুরোপুরি প্রস্তুত এই অভিনেত্রী।
অন্যদিকে তাঁর বিপরীতে প্রধান চরিত্রে দেখা যাবে বাংলাদেশের ওটিটি ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনকে। যিনি এর আগে প্রেশার কুকার, পেজ টার্নার এবং রোমান্টিক ঘরানার নীলাঞ্জনা এক্সপ্রেস-এ সাবলীল অভিনয় করে ইতিমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।চমকপ্রদ এই কাস্টিংয়ের পাশাপাশি তাজমহল দিয়ে দীর্ঘ ১৬ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন গুণী নির্মাতা ওয়াহিদ আনাম।
এর আগে পাড়ি, ছিন্ন কিংবা আলোচিত টেলিফিল্ম চক্র দিয়ে দর্শকের মনে গেঁথে থাকা এই নির্মাতা এবার এক ভিন্নধর্মী রোমান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন। একটি মন ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প, নতুন জুটির রসায়ন এবং ওয়াহিদ আনামের পরিণত নির্মাণশৈলীর এক চমৎকার সমন্বয় দেখা যাবে এই চলচ্চিত্রে। এই ওটিটি প্রজেক্টটির সার্বিক সহযোগিতায় থাকছে পোলার আইস্ক্রিম। দর্শকদের জন্য ওয়েব ফিল্মটি উন্মুক্ত হবে ঠিক ঈদুল আযহার দিন, এক্সক্লুসিভলি সংশ্লিষ্ট অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মের পর্দায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন