বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

রামিসার নৃশংস হত্যাকাণ্ডে বিচারের দাবিতে সোচ্চার শাকিব খান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ১১:০৩ পিএম

রামিসার নৃশংস হত্যাকাণ্ডে বিচারের দাবিতে সোচ্চার শাকিব খান

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা দেশ যখন ক্ষোভে ফুঁসছে, তখন সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। 

শাকিব খানের এই প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।তিনি তার পোস্টে শিশুটির আর্তনাদকে পুরো সমাজের বেদনা হিসেবে উল্লেখ করেছেন।

শাকিব খান লিখেছেন, শিশু রামিসার সাথে ঘটে যাওয়া এই ঘটনা সমাজের মানবিকতা ও বিচারব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তিনি আরও বলেন, অপরাধীদের শাস্তি দিতে দেরি করা মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও বাড়িয়ে দেওয়া। তাই দ্রুত স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এমন শাস্তির বিধান করতে হবে যা ভবিষ্যতে অপরাধীদের মনে ভয়ের সঞ্চার করবে। 

শাকিব খানের এই স্পষ্ট অবস্থান বহু ভক্তকে এই আন্দোলনের প্রতি অনুপ্রাণিত করেছে।আর কোনো সন্তান যেন এভাবে নির্মমতার শিকার না হয়, সেটিই এখন বড় চাওয়া।মেগাস্টার শাকিব খানের মতো একজন তারকার এমন সোচ্চার অবস্থান নিপীড়নের বিরুদ্ধে জনমত গঠনে বড় ভূমিকা রাখে। 

তিনি পোস্টে আক্ষেপ করে বলেন, এমন যেন না হয় যে কোনো পিতাকে বিচার চেয়ে বলতে হয়—‘এদেশে বিচার নাই!’ তার এই আবেগঘন অথচ যৌক্তিক প্রতিবাদ অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সমাজের প্রতিটি স্তরে নতুন করে প্রেরণা জুগিয়েছে। রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে চলচ্চিত্রের জগতের তারকারা এখন একের পর এক শামিল হচ্ছেন ন্যায়বিচারের মিছিলে।