মে ২২, ২০২৬, ০৯:১২ পিএম
ফ্রান্সের ৭৯তম কান উৎসবে ট্রাম্পবিরোধী বার্তা দিয়ে বৈশ্বিক রাজনীতির কড়া সমালোচনা করেছেন স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার। ইউরোপকে কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কবজায় যেতে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। কানের মূল প্রতিযোগিতায় এবার তাঁর নতুন সিনেমা ‘বিটার ক্রিসমাস’ প্রদর্শিত হচ্ছে।৭৬ বছর বয়সী এই নির্মাতা জ্যাকেটে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান লেখা ব্যাজ পরে রেড কার্পেটে হাঁটেন।
সিনেমার প্রিমিয়ার শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, বর্তমানের এই কঠিন সময়ে সমাজের অন্যায় ও রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিল্পীদের নৈতিক দায়িত্ব। নীরবতা এবং ভয় হলো পরিস্থিতি আরও খারাপ হওয়ার লক্ষণ।
সমসাময়িক বিশ্বে শিল্পীরা যে কঠিন পরিস্থিতিতে বাস করছেন, তাতে এখন সবার মুখ খোলা উচিত বলে তিনি মনে করেন।যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র হিসেবে আখ্যা দিয়ে তিনি অস্কার মঞ্চের সমালোচনা করেন।
ডলবি থিয়েটারের অস্কার মঞ্চে একমাত্র ব্যতিক্রম হিসেবে তাঁর বন্ধু হাভিয়ের বারদেম ফিলিস্তিনের পক্ষে সরাসরি কথা বলেছিলেন। ওই সম্প্রচারে যুদ্ধ বা ট্রাম্পের বিরুদ্ধে অন্য কোনো জোরালো প্রতিবাদ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন আলমোদোভার। ভোটাধিকার প্রক্রিয়ার মাধ্যমে সেখানে একনায়কতান্ত্রিক শাসনের জন্ম হচ্ছে উল্লেখ করে তিনি ইউরোপকে ট্রাম্পের ক্ষতিকর নীতির সামনে মাথা নত না করার তাগিদ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন