মে ২৩, ২০২৬, ১২:৩৯ পিএম
বিশ্বখ্যাত কান উৎসবে নীল গাউনে মোড়া রাজকীয় আবহে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। লালগালিচায় তাঁর উপস্থিতি ঘিরে বিশ্ব মিডিয়ার পাশাপাশি ভক্তদের মাঝে বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সাবেক বিশ্বসুন্দরী কানের আন্তর্জাতিক মঞ্চে নিজের চিরচেনা আবেদন ফুটিয়ে তোলেন।
এবারের বিশেষ আসরে প্রথম উপস্থিতির জন্য তিনি ঝলমলে নীল রঙের একটি গাউন বেছে নেন।মারমেইড ধাঁচের এই বিশেষ পোশাকটির নাম দেওয়া হয়েছিল ‘লুমিনারা’।
এটি তৈরি করেছেন ভারতের প্রখ্যাত ডিজাইনার অমিত আগরওয়াল, যার নকশা করা পোশাকের মাধ্যমে এবারই প্রথম কানের মঞ্চে কোনো ভারতীয় বুটিকের আনুষ্ঠানিক অভিষেক হলো। ডিজাইনার জানান, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির গভীর ভাবনা থেকে এই পোশাকটি তৈরি করা হয়েছে।
লালগালিচায় বরাবরের মতোই ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উড়ন্ত চুম্বন ছুড়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন এই অভিনেত্রী।
উৎসবে তাঁর দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ডের শুভেচ্ছাদূত ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও কুশল বিনিময় হয়।তাঁরা দুজনে একসঙ্গে ‘দ্য বার্থডে পার্টি’ নামের একটি বহুল আলোচিত আন্তর্জাতিক চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে অংশ নেন। দুই দশকেরও বেশি সময় ধরে কানের লালগালিচায় স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দেওয়া ঐশ্বরিয়া এবারও যেন কানের পুরো মঞ্চ নিজের করে নিলেন।
তথ্যসূত্র: এবিপি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন