বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

গত বছরের বিয়ের পরিকল্পনা ভেস্তে যাওয়া নিয়ে মুখ খুললেন বাঁধন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ১০:৩৭ পিএম

গত বছরের বিয়ের পরিকল্পনা ভেস্তে যাওয়া নিয়ে মুখ খুললেন বাঁধন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নিজের জীবনের প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একটি গণমাধ্যমের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তাঁর অতীত পরিকল্পনা এবং জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বর্তমান সতর্কতার কথা জানান। গত বছর তাঁর বিয়ের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি বলে তিনি উল্লেখ করেন।উপযুক্ত মানুষ পেয়েও তিনি হারিয়েছেন বলে জানান।

বাঁধন বলেন, গত বছর বিয়ের পরিকল্পনা থাকলেও তার জন্য নিজের পছন্দমতো মানুষ পাওয়া জরুরি ছিল। সেই সময়ে বিয়ে করার মতো একজনকে পেয়েছিলেন এবং তাঁর মা-ও বাঁধনকে খুব পছন্দ করেছিলেন। কিন্তু কোনো এক কারণে সেই ব্যক্তি হারিয়ে যাওয়ায় তাঁর আর বিয়ে করা সম্ভব হয়নি। এর আগে দুবার বিয়ে করার কারণে এবার সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি আর কোনো ভুল করতে চান না।

বর্তমানে তাঁর আশপাশে বিয়ে করার মতো কোনো পাত্র নেই বলে জানান এই অভিনেত্রী। তবে প্রেম করার জন্য দু-একজনকে পেয়েছিলেন এবং তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছেন। এছাড়া কোরবানি ঈদের স্মৃতিচারণ করে বাঁধন বলেন, ছোটবেলায় মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে কাটানো সময়গুলো এখনো তাঁর মনে গেঁথে আছে, তবে এখন ঈদের আনন্দের চেয়ে দায়িত্বই বেশি মনে হয়।