বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

১০ বছর নিষিদ্ধ ছিলাম,ক্ষোভ শ্রীলেখার

বিনোদন ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৭:৩৪ পিএম

১০ বছর নিষিদ্ধ ছিলাম,ক্ষোভ শ্রীলেখার

টলিউডের প্রভাবশালী সংগঠক স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিনের নীরবতা ভেঙে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে তিনি টলিউডের ক্ষমতার রাজনীতি ও প্রভাব বিস্তার নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি এক মেকআপশিল্পীর করা চাঁদাবাজি ও হুমকির অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা লিখেছেন, শুধু একজনকে দায়ী করলে হবে না, দায়ী সেই পুরো ব্যবস্থাকে করতে হবে, যা এমন ক্ষমতাকেন্দ্রিক সংস্কৃতির জন্ম দিয়েছে। 

তাঁর মতে, একজন মানুষ একা শক্তিশালী হয়ে ওঠেন না, তাকে তৈরি করে একটি নির্দিষ্ট ব্যবস্থা এবং এর সুবিধাভোগীরা।সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি আসে তাঁর আরেকটি পোস্টে। শ্রীলেখা অভিযোগ করেছেন, দীর্ঘ ১০ বছর তাঁকে টলিউডে কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছিল। 

স্পষ্টভাষী মনোভাব ও নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। অতীতেও বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এই বঞ্চনার কথা উল্লেখ করলেও, এবার সরাসরি ১০ বছরের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খোলায় বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর থেকে অনেক টেকনিশিয়ান ও শিল্পকর্মী টলিউডের অভ্যন্তরীণ ক্ষমতা ও কাজের বন্টন নিয়ে প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন।

দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও প্রভাব খাটানোর যে অভিযোগ টলিউডের অন্দরে ছিল, তা এখন নতুন করে সামনে এসেছে।সংবাদমাধ্যমের প্রতিও একধরনের ক্ষোভপ্রকাশ করেছেন শ্রীলেখা। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে সাক্ষাৎকার নিতে চাইলে তাঁর বক্তব্যের গুরুত্ব থাকতে হবে, অন্যথায় তিনি আর কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না।