জুন ২৪, ২০২৬, ০২:১৮ পিএম
চলতি ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন বিনোদন জগতের তারকারাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল নাওয়াল সাইদ। বিশ্বমঞ্চের এই আসরে নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন তিনি।ট্রেন্ডি ফ্যাশনের পোশাকে আর্জেন্টিনার রঙে নিজেকে রাঙিয়েছেন এই পাকিস্তানি তারকা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই ফুটবল আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিটি মুহূর্ত বেশ উপভোগ করছেন নাওয়াল। সম্প্রতি একটি রামাডা হোটেলের বাইরে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি থেকে অনুপ্রাণিত হয়ে একটি স্লিভলেস ক্রপ টপ পরে ফটোশুটে অংশ নেন তিনি।
এর সাথে হালকা ধোঁয়াটে রঙের জিন্স এবং সাদা স্নিকার্স পরে খেলাধুলার উদ্দীপনার পাশাপাশি আধুনিক ফ্যাশনের এক দারুণ মেলবন্ধন ফুটিয়ে তুলেছেন তিনি। পরে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিগুলো শেয়ার করে বর্তমান চ্যাম্পিয়ন দলটির জন্য শুভকামনা জানান এই অভিনেত্রী।
নাওয়াল সাইদ বরাবরই ফ্যাশনপ্রেমী হিসেবে ব্যাপক পরিচিত। ‘এক লাড়কি আম সি’, ‘ইয়াকিন কা সফর’ এবং ‘জান-এ-জাহান’-এর মতো বেশ কিছু সফল নাটকে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন। বর্তমানে ‘সাইদাই’ নামের একটি নাটকে খলচরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন এই তারকা। স্পোর্টস ও ফ্যাশনের এই নতুন ধারা তার ভক্তদের মাঝে এক অন্যরকম আলোড়ন তৈরি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন