রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ওমরাহ পালনে সৌদিতে অভিনেত্রী ভাবনা, দিলেন আবেগঘন বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৫:২৫ পিএম

ওমরাহ পালনে সৌদিতে অভিনেত্রী ভাবনা, দিলেন আবেগঘন বার্তা

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আধ্যাত্মিক এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর বাবা, মা এবং একমাত্র বোন।আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

মক্কা শরিফ প্রাঙ্গণ থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের ওমরাহ পালনের খবর জানানোর পাশাপাশি প্রথমবার কাবা শরিফ দেখার এক আবেগঘন অনুভূতিও প্রকাশ করেছেন ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালেন, তখন মনে হলো তাঁর মুখের সব শব্দ যেন হারিয়ে গেছে। 

ভাষা দিয়ে সেই বিশেষ মুহূর্তের গভীর আবেগ, অন্তরের প্রশান্তি আর অসীম কৃতজ্ঞতা প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। জীবনের এই পরম সৌভাগ্যের জন্য মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলেন।অভিনেত্রীর এই বিশেষ পোস্টটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই তাঁর ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা মন্তব্যের ঘরে নানা রকম শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন। 

উল্লেখ্য, ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু করা ভাবনা ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন। পরবর্তীতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জির বিপরীতে ‘নয়নতারা’ সিনেমায় অভিনয় করেও তিনি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা লাভ করেন।