জুলাই ৫, ২০২৬, ০৮:০৯ পিএম
অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট উধাও হয়ে গেছে। জুলাই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শাওনের ঘনিষ্ঠজন লেখক তামান্না সেতু জানিয়েছেন, প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে। এর আগে সেই আলোচিত পোস্টটি মুছে ফেলা হয়েছিল।
আজ রবিবার তামান্না সেতু নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন। তিনি জানান, প্রচুর রিপোর্টের কারণে শাওনের আইডি সাসপেন্ড করা হয়েছে। তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছিল, সেই পোস্টটিও শাওন নিজে ডিলিট করেননি। এ তথ্য মেহের আফরোজ শাওন তাকে নিজেই জানিয়েছেন বলে দাবি করেছেন তামান্না সেতু।
এদিকে, এসব বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রাষ্ট্র সংলাপ ফোরাম। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা এই জিডি দায়ের করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন