জুলাই ২৬, ২০২৬, ১১:৫২ এএম
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির তরুণ প্রজন্ম অর্থাৎ ‘জেন জি’-র উদ্দীপ্ত ভূমিকার ভূয়সী প্রশংসা করে এক বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিডিওতে তিনি তরুণদের প্রতি গভীর সম্মান জানিয়ে ক্যামেরার সামনে বিনয়ের সাথে কান ধরে ওঠবস করার পাশাপাশি মাথার টুপি খুলে মাটিতে ফেলে নিজের অনুভূতি প্রকাশ করেন।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই ভিডিও বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়।ভিডিওতে কিছুটা আবেগাপ্লুত কণ্ঠে সোনাক্ষী জানান, আন্দোলন শুরুর দিকে তিনি তরুণ প্রজন্মকে বেশ হালকাভাবে নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এই জেন জি প্রজন্মকে দিয়ে কোনো বড় কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।
তবে সাম্প্রতিক সময়জুড়ে আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তরুণদের দৃঢ় অবস্থান দেখে নিজের ভুল ধারণা ভাঙতে বাধ্য হয়েছেন এই তারকা। নিজের আগের ধারণার জন্য আনুষ্ঠানিকভাবে অনুশোচনা প্রকাশ করে তিনি স্পষ্ট জানান যে ভবিষ্যতে আর কখনোই জেন জিদের খাটো করে দেখবেন না।শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে সরব হওয়া তরুণদের এই বিশেষ আন্দোলনের প্রতি শুরু থেকেই পূর্ণ সমর্থন জানিয়ে আসছিলেন এই বলিউড অভিনেত্রী।
সামাজিক মাধ্যমের অনুসারীরা সোনাক্ষীর এই বিনয়ী প্রতিক্রিয়াকে আন্দোলনকারীদের প্রতি সংহতি ও বিজয়ের এক বিশেষ প্রতীক হিসেবে দেখছেন। অনেকে মন্তব্য করেছেন যে এই অর্জন শুধু আন্দোলনরত শিক্ষার্থীদের নয়, বরং প্রথম দিন থেকে তাদের পাশে থাকা সোনাক্ষীরও। সোনাক্ষী সিনহা ছাড়াও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতীয় বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব বীর দাস, প্রিয়াঙ্কা চোপড়া, বিজয় বর্মা ও টুইঙ্কেল খান্নার মতো তারকারা সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন