রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইন্টারনেটে ভাইরাল অট্টহাসির সেই মিমের যুবকের আসল পরিচয়

বিনোদন ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ০৩:৫৩ পিএম

ইন্টারনেটে ভাইরাল অট্টহাসির সেই মিমের যুবকের আসল পরিচয়

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে গিয়ে কানে হেডফোন পরা এক যুবকের অনিয়ন্ত্রিত অট্টহাসির মিম বা স্টিকার কমবেশি সবারই চোখে পড়েছে। কোনো ধরনের কথাবলার সুযোগ না রেখে কেবল একটি অট্টহাসির মাধ্যমে পুরো ইন্টারনেটের দুনিিয়ায় ঝড় তোলা এই যুবক বিশ্বজুড়ে এক অনন্য পরিচিতি লাভ করেছেন। বর্তমানে টিকটক তারকা খ্যাত ব্যক্তিত্বদের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে তার জনপ্রিয়তা আকাশচুম্বী।

বিশ্বজুড়ে ভাইরাল হওয়া এই হাসিমুখের নেপথ্যের মানুষটি হলেন কানাডার টরন্টোতে বসবাসকারী ভারতীয়-কানাডিয়ান কনটেন্ট ক্রিয়েটর মুতাহার আনাস।ইউটিউবে ‘অর্ডিনারি গেমস’ নামক তার একটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেল রয়েছে, যেখানে মূলত গেম এবং প্রযুক্তিভিত্তিক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যাও বেশ ঈর্ষণীয়; যার মধ্যে ইউটিউবে প্রায় চল্লিশ লাখ এবং ইনস্টাগ্রামে দশ লাখেরও বেশি মানুষ তাকে নিয়মিত অনুসরণ করেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই হাস্যরসাত্মক ভিডিওটির পেছনে রয়েছে প্রায় এক দশক আগের একটি পুরোনো স্মৃতি।

আজ থেকে প্রায় দশ বছর আগে, অর্থাৎ ২০১৬ সালে, নিজের চ্যানেলে লাইভ স্ট্রিমিং চলাকালে হুট করেই আনমনা ভঙ্গিতে হেসে ওঠেন এই ক্রিয়েটর। শুরুতে ক্লিপটি সেভাবে কারোর নজরে না এলেও পরবর্তী সময়ে অপর এক কনটেন্ট ক্রিয়েটর মূল ভিডিও থেকে কেবল ওই হাসির অংশটুকু কেটে আলাদা করে ইন্টারনেটে ছড়িয়ে দেন। আর সেই ছোট্ট ক্লিপটিই মুহূর্তের মধ্যে ডিজিটাল দুনিয়ায় ভাইরাল হয়ে বিশ্বজুড়ে বিনোদনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।বর্তমানে ফেসবুক রিলস, শর্টস কিংবা যেকোনো মজার ভিডিও তৈরিতে মুতাহার আনাসের এই বিখ্যাত অভিব্যক্তি ব্যবহার করা ছাড়া কনটেন্ট নির্মাতাদের উল্লাস যেন পূর্ণতাই পায় না।