আগস্ট ২, ২০২৫, ০৫:১৪ পিএম
চলতি বছরের রোজার ঈদে 'জিন ৩' সিনেমায় তেমন সাড়া না ফেললেও, তাতে আইটেম গার্ল হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর পরই জুলাই আন্দোলন ঘিরে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন অভিনেত্রী, এমনকি জেলেও যান তিনি। যদিও পরে অভিনেত্রী জামিনে মুক্তি পান এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। এই সব ঘটনার পর সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন ফারিয়া।
এক মিনিটের সেই ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে, যা তার ভক্ত ও নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রথম লুকে নুসরাত ফারিয়াকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। সঙ্গে ছিল ভারি গহনা—কপালে টিকলি, কানে ঝুমকা ধরনের ভারি দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা—সব মিলিয়ে তার সাজে ছিল রাজসিক আভিজাত্যের প্রতীক।
আরেক লুকে নুসরাত ফারিয়াকে দেখা গেছে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গহনায়। এই লুকে আগের চেয়ে কিছুটা বৈচিত্র্য ও স্নিগ্ধতা ফুটে উঠেছে। কানে দুল, গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি এবং মুখে একটি মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করছেন। আইনি জটিলতা কাটিয়ে নারিয়ার এই নতুন রূপে ফিরে আসা তার ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন