সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:৩১ এএম
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান আচমকা কনসার্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা এক কনসার্টে ভক্তদের সামনে এই সিদ্ধান্ত জানান। তার এমন ঘোষণায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব।
মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’ এছাড়া তিনি জানিয়েছেন, এরই মধ্যে তিনি তার সব সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে ফেলেছেন।
তাহসানের এই সিদ্ধান্তের পেছনে স্বাস্থ্যগত কারণও বড় ভূমিকা রেখেছে। কয়েক বছর আগে তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ ধরা পড়ে, যা গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা কমিয়ে দেয়। ২০১৮ সালেই তিনি ভক্তদের কাছে এর ইঙ্গিত দিয়েছিলেন। গত বছর তিনি অভিনয় থেকেও বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
'ব্ল্যাক' ব্যান্ডের মাধ্যমে সংগীত জগতে পথচলা শুরু করেন তাহসান। পরে একক শিল্পী হিসেবে এবং 'তাহসান অ্যান্ড দ্য সুফিজ' ব্যান্ডের সঙ্গে কাজ করেন। সাম্প্রতিক সময়ে 'তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড'-এর হয়ে বিভিন্ন কনসার্টে তাকে পারফর্ম করতে দেখা যেত। ২৫ বছর ধরে সংগীতের সঙ্গে যুক্ত থাকার পর তার এই ঘোষণা ভক্তদের জন্য এক বড় ধাক্কা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন