অক্টোবর ১৫, ২০২৫, ১০:১২ এএম
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তার অগণিত ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানায়, হানিয়া আমির হিউস্টনে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।
সেখানেই তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, হানিয়া হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তাকে বেশ ফ্যাকাশে ও দুর্বল দেখাচ্ছে। ছবিটি দেখার পর থেকেই ভক্তরা ‘হানিয়ার কী হয়েছে?’—এই প্রশ্ন তুলে তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্টে ভরিয়ে দিচ্ছেন। তবে, ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও অভিনেত্রী বা তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
‘মুঝে প্যায়ার হুয়া থা’-খ্যাত এই তারকা শুধু পাকিস্তানেই নয়, ভারত ও বাংলাদেশসহ উপমহাদেশজুড়ে বিপুল জনপ্রিয়। সম্প্রতি তিনি ভারতীয় পাঞ্জাবি সিনেমার সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘সরদার জি ৩’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও পা রেখেছেন। তার অসুস্থতার খবরে দুই দেশের বিনোদন জগতেই নেমে এসেছে উদ্বেগের ছায়া।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন