অক্টোবর ২৭, ২০২৫, ০৭:১৩ পিএম
ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা জাহিদ প্রীতম দীর্ঘদিন পর নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে ফিরছেন। ত্রিভুজ প্রেমের ভিন্নধর্মী এক গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘এমন দিনে তারে বলা যায়’। নাটকটি আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এই নাটকের মাধ্যমে দীর্ঘ আড়াই বছর পর নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গে আবারও কাজ করলেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকে তৌসিফের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন প্রিয়ন্তী উর্বী। এছাড়া গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা মীর রাব্বীকে।
নাটকটি নিয়ে তৌসিফ মাহবুব বলেন, ‘অনেকদিন পর জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করলাম এবং প্রথমবার প্রিয়ন্তী উর্বীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি। গল্পটি একটি গোলকধাঁধার মতো। যখন দর্শক ভাববে সব বুঝে ফেলেছে, ঠিক তখনই নাটকটি একটি নতুন মোড় বা টুইস্ট নিয়ে আসে।’
প্রথমবার তৌসিফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় প্রিয়ন্তী উর্বী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি অনেক নার্ভাস এবং একই সঙ্গে এক্সাইটেড। মনে হচ্ছে যেন আমি প্রথমবার টিভিতে নিজেকে দেখতে পাবো। এটা সত্যিই আমার জন্য এক অনন্য অনুভূতি।’
অভিনেতা মীর রাব্বী গল্পের গভীরতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘কিছু গল্প শুধুই গল্প নয় কিংবা শুধু প্রেমের ছন্দ নয়। ‘এমন দিনে তারে বলা যায়’ গল্পটি জীবনের গভীরে এক দ্যোতনা তৈরি করে। এটি এমন একটি সত্য যা কবিতার মতো করে হৃদয়ে মিশে যায়।’
নির্মাতা জাহিদ প্রীতম নাটকটির গল্প প্রসঙ্গে বলেন, ‘কিছু গল্প আছে যা সবাইকে বলা যায়, কিন্তু প্রিয় মানুষকে বলা যায় না। আবার কিছু গল্প ভুলে যাওয়াটাও মন্দ নয়। তবে সেই গল্পগুলো এমন মানুষকে বলা প্রয়োজন যারা তা ধারণ করবে সারা জীবন। প্রকৃতি নিজেই এমন গল্প বলার আয়োজন করে। নাটকের চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে যে, শেষ দৃশ্যের আগ পর্যন্ত চরিত্রদের গন্তব্য অনুমান করা কঠিন হবে। এখানেই গল্পের নামের ও গল্পের সার্থকতা।’
ক্যাপিটাল ড্রামার হেড অব কনটেন্ট আনোয়ারুল আলম সজলের প্রযোজনায় এই নাটকটিতে ‘কাজল চোখে ভালোবাসা’ শিরোনামে একটি বিশেষ গানও রয়েছে। নীল মাহবুবের কথায় গানটির সুর করেছেন শরিফুল ইসলাম। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক মাহতিম সাকিব এবং সংগীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন