অক্টোবর ২৮, ২০২৫, ০৩:৪৭ পিএম
সামাজিক মাধ্যমে পরিচিত মুখ ফাতেমা নাজনীন প্রিসিলা এবার পা রাখলেন অভিনয়ের ভুবনে। উপস্থাপনা এবং সাংবাদিকতায় পড়াশোনার পাশাপাশি নিউ ইয়র্কে বসবাসরত প্রিসিলাকে দেখা যাবে চিত্রনায়ক কাজী মারুফের পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রিসিলা শুধু অভিনয়ই করছেন না, তার সহশিল্পী হিসেবে থাকছেন পরিচালক কাজী মারুফ নিজেও। সম্প্রতি প্রিসিলা তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি কাজী মারুফের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান।
অভিনয়ের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কাজী মারুফের সহযোগিতায় কাজটি করতে পেরেছেন বলে উল্লেখ করেন প্রিসিলা। তিনি তার পোস্টে লেখেন, ‘নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ওপর নির্মিত একটি শর্ট ফিল্মে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অভিনয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু মারুফ ভাই শুরু থেকে শেষ পর্যন্ত হাসিমুখে সব কিছু বুঝিয়ে দিয়েছেন।’
প্রিসিলা আরও যোগ করেন, ‘ওনার স্ত্রীও (কাজী মারুফের স্ত্রী) সঙ্গে ছিলেন— দুজনেই অসাধারণ মানুষ। তাদের ভালোবাসা ও আন্তরিকতায় আমি সত্যিই মুগ্ধ ও কৃতজ্ঞ।’ কাজী মারুফের পরিচালনায় এবং অভিনয়ে প্রিসিলার এই নতুন যাত্রা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিষয়বস্তু এবং এই নতুন জুটির রসায়ন কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন