নভেম্বর ১, ২০২৫, ০৮:১৩ পিএম
টাঙ্গাইলসহ আশপাশের অঞ্চলে একসময় বেহুলা ও লখিন্দরের পৌরাণিক কাহিনিকে কেন্দ্র করে জনপ্রিয় গীতিনাট্য 'বেহুলা নাচারি পালা' মঞ্চস্থ হতো। সময়ের বিবর্তনে বিলুপ্তপ্রায় এই লোকসংস্কৃতি এবং এর শিল্পীদের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘বেহুলা দরদী’ নামের নতুন একটি সিনেমা।গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) দেশের ৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। উৎসব অরজিনালস প্রযোজিত এই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ‘নাগবাড়ি বেহুলা নাচারি দল’-এর প্রধান ভোলা মিয়াকে ঘিরে।
ভোলা মিয়া তার এই লোকগানের দলটিকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। এরই মধ্যে কয়েকবার ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় হেরে যাওয়ায় দলটির সম্মান প্রায় তলানিতে এসে ঠেকেছে। এই সংকটময় পরিস্থিতিতে দলটিকে আবারও প্রতিযোগিতায় জেতানোর জন্য ভোলা মিয়াসহ দলের সদস্যদের নানা চেষ্টা ও সংঘাত-সংগ্রামকে ঘিরেই এগিয়েছে সিনেমার কাহিনি।
‘বেহুলা দরদী’ সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান। এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় শিল্পীরা, যাদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা প্রমুখ।
নির্মাতা সবুজ খান সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘বিলুপ্তপ্রায় একটি লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে ভিন্নভাবে তুলে ধরাই এই সিনেমার মূল লক্ষ্য। আমরা চেষ্টা করেছি একটি মাটির গল্পের সিনেমা বানাতে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
যেসব প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে সেগুলো হলো— লায়ন্স সিনেমা (কেরানীগঞ্জ), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), মাধবী সিনেমা (মধুপুর), নসীব সিনেমা (সাপাহার), বনলতা সিনেমা (ফরিদপুর), মিলন সিনেমা (মাদারীপুর) এবং রাজ সিনেমাস (কুলিয়ারচর)।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন