বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সেন্টমার্টিন দ্বীপ জন্মরহস্য থেকে আজকের অস্তিত্ব সংকট

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৪:৫০ পিএম

সেন্টমার্টিন দ্বীপ জন্মরহস্য থেকে আজকের অস্তিত্ব সংকট

সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। বঙ্গোপসাগরের নীল জলরাশিতে জেগে থাকা এই দ্বীপ কেবল পর্যটকদের কাছেই নয়, প্রকৃতি ও জীববৈচিত্র্যের এক বিশাল আধার হিসেবে সমাদৃত। তবে অপরিকল্পিত পর্যটন ও দূষণে বর্তমানে এটি এক চরম অস্তিত্ব সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। এই দ্বীপের গঠন সাধারণ মাটির নয়।

ভূতাত্ত্বিকদের মতে, প্রায় আড়াইশ বছর আগে টেকটনিক প্লেটের উত্থানের ফলে সমুদ্রের বুক চিড়ে জেগে ওঠে এই ভূখণ্ড। প্রাচীনকালে আরব বণিকরা বাণিজ্যে যাওয়ার পথে এখানে বিশ্রাম নিতেন। প্রচুর নারকেল গাছ থাকায় তারা এর নাম দিয়েছিলেন ‘জাজিরা’, যা পরে লোকমুখে ‘নারিকেল জিঞ্জিরা’ হিসেবে পরিচিতি পায়। পরে উনবিংশ শতকে চট্টগ্রামের তৎকালীন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট মার্টিনের নামানুসারে এর আনুষ্ঠানিক নাম রাখা হয় সেন্টমার্টিন দ্বীপ। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এই দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম দিয়েছিলেন ‘দারুচিনি দ্বীপ’।

ভৌগোলিক দিক থেকে এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মিয়ানমার উপকূল থেকে পশ্চিমে মাত্র আট কিলোমিটার দূরে নাফ নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপের আয়তন মাত্র আট বর্গকিলোমিটার। সমুদ্রের তলদেশে থাকা ক্ষুদ্র প্রাণী ‘কোরাল পলিপ’-এর দেহাবশেষ জমে প্রবাল পাথর তৈরি হয়েছে, আর তার ওপর বালি জমেই এই দ্বীপের সৃষ্টি। বেলে মাটির কারণে এখানে সাধারণ ফসলের বদলে কেবল তরমুজ, ডাল ও মিষ্টি আলুর ফলন ভালো হয়।

প্রবাল প্রাচীরই এখানকার নীল জলের প্রধান জাদুকর। কক্সবাজার বা পতেঙ্গার মতো এখানকার পানি ঘোলাটে নয়। প্রবাল প্রাকৃতিকভাবেই সমুদ্রের পানির ভাসমান কণা ছেঁকে একটি প্রাকৃতিক ফিল্টারের কাজ করে, যার ফলে পানি স্ফটিকের মতো স্বচ্ছ ও নীল দেখায়। তবে এই প্রশান্ত রূপের আড়ালে প্রবল স্রোতের ভয়ংকর রূপও রয়েছে। বিশেষ করে মূল দ্বীপ ও ছেড়াদ্বীপের মাঝখানের চ্যানেলে স্রোতের টান এতই বেশি যে, সেখানে সাঁতার কাটা অভিজ্ঞ সাঁতারুদের জন্যও মৃত্যুর ফাঁদ হতে পারে।

আট বর্গকিলোমিটারের এই দ্বীপ ঘিরে রয়েছে এক বিশাল জলজ সাম্রাজ্য। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এই দ্বীপের চারপাশে ৬৬ প্রজাতির প্রবাল, ১৮৭ প্রজাতির শামুক ও ঝিনুক এবং ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবালের সন্ধান মিলেছে।

এখানে রয়েছে প্রায় ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ। পানির নিচে স্কুবা ডাইভিং করলে রঙিন ক্রাউন ফিশ, প্যারেট ফিশ ও স্টারফিশের দেখা মেলে। স্থানীয় জেলেদের জালে প্রায়ই ধরা পড়ে বড় আকারের কোরাল, রূপচাঁদা, লইট্টা ও বাটা মাছ। প্রতিবছর শীতের মৌসুমে, বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হাজার হাজার মাইল মহাসমুদ্র পাড়ি দিয়ে অলিভ রিডলে ও গ্রিন টার্টেল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ এই দ্বীপে ডিম পাড়তে আসে।

মূল সেন্টমার্টিন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এগোলে চোখে পড়ে বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণের ভূখণ্ড ছেড়াদ্বীপ। জোয়ারের সময় এটি মূল দ্বীপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা ‘ছেঁড়া’ অবস্থায় থাকে বলেই এমন নামকরণ করা হয়েছে। এখানে মানুষের কোনো স্থায়ী বসবাস নেই। চারপাশের তীক্ষ্ণ প্রবাল পাথর আর কেয়া গাছের ঘন ঝোপ একে এক আদিম সৌন্দর্য দিয়েছে।

দ্বীপের প্রায় আট থেকে ১০ হাজার স্থায়ী বাসিন্দার জীবন এক অবিরাম সংগ্রামের। কয়েক প্রজন্ম আগে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূল থেকে আসা মানুষেরাই এখানকার আদি বাসিন্দা। তাদের মূল পেশা মাছ ধরা ও পর্যটন। বর্ষাকালে সমুদ্র উত্তাল হলে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের চরম কষ্টে দিন কাটে। মাটির নিচে প্রবাল থাকায় গভীর নলকূপ বসানো সম্ভব হয় না, ফলে বৃষ্টির পানি ও অগভীর কুয়াই তাদের সুপেয় পানির একমাত্র সম্বল।

নারকেল গাছের পাশাপাশি এই দ্বীপের প্রাকৃতিক বর্ম হিসেবে কাজ করে কেয়া বন। জলোচ্ছ্বাসের সময় কেয়া গাছের শক্ত শিকড় বালি আটকে রেখে দ্বীপকে সামুদ্রিক ভাঙনের হাত থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু অপরিকল্পিত উন্নয়নের কারণে আজ এই দ্বীপ অস্তিত্ব সংকটে। মাত্রাতিরিক্ত পর্যটকের চাপ, যত্রতত্র বহুতল রিসোর্ট নির্মাণ এবং প্লাস্টিক বর্জ্যের কারণে দূষণে প্রবালগুলো মারা যাচ্ছে, যাকে বলা হয় প্রবাল ব্লিচিং। 

অতিরিক্ত আলো ও মানুষের কোলাহলের কারণে কচ্ছপেরা এখন আর আগের মতো সৈকতে ডিম পাড়তে আসতে চায় না। সরকার ইতোমধ্যে একে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় আগামী কয়েক দশকের মধ্যে এই দ্বীপের বিশাল অংশ চিরতরে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।