এপ্রিল ১২, ২০২৬, ০৯:৪৫ এএম
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি সিটি করপোরেশন এলাকায় আজ রোববার থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে এই টিকাদান চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সাপ্তাহিক বা অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে এই কার্যক্রম বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ছয় মাস থেকে শুরু করে পাঁচ বছরের কম বয়সী সকল শিশু এই বিশেষ টিকাদান কর্মসূচির আওতাভুক্ত হবে। এই পাঁচ সিটিতে কার্যক্রম শুরুর পর আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকা কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে আগামী ১১ মে পর্যন্ত।
এর আগে গত ৫ এপ্রিল থেকে প্রথম ধাপে দেশের ১৮টি জেলার আওতায় থাকা ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ বা ‘হটস্পট’ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছিল।আজ রোববার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তি এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এমন বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে তিনটি করে টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ডিএনসিসি এলাকায় মোট চার লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে হামের টিকা দেওয়ার বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ৪৭ হাজার ৬৬৮। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রায় চার লাখ শিশুকে এই সেবার আওতায় আনার প্রস্তুতি রয়েছে বলে সংস্থাটির স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কেন্দ্রগুলোতে বিশেষ নির্দেশনার পাশাপাশি স্থানীয়ভাবে প্রচারণাও চালানো হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন