মে ১৪, ২০২৬, ০৩:৩০ পিএম
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে।
পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে হামে আক্রান্ত হয়ে ঢাকায় আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩৬৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৪ হাজার ৪১৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৩০৫ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩৯ হাজার ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৪ হাজার ৯৬৮ জন ছাড়পত্র পেয়েছেন।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে চার হাজারের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। মৃত ও আক্রান্তদের মধ্যে একটি বড় অংশই শিশু বলে অধিদপ্তরের তথ্যে উঠে এসেছে।
বিভাগওয়ারি হিসেবে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে সংক্রমণের হার অন্য এলাকার তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। গত দুই মাসে আক্রান্তের সংখ্যার গ্রাফ বিশ্লেষণ করে দেখা যায়, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুস্থ হওয়ার হারও গত সপ্তাহের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন