মে ১৫, ২০২৬, ০৫:৩৯ পিএম
অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও অতিরিক্ত মানসিক চাপের কারণে দেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে রংপুর বিভাগের ৩৩ শতাংশ মানুষ এখন এই রোগে ভুগছেন বলে এক পরিসংখ্যান উঠে এসেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষে রংপুরে আয়োজিত এক আলোচনা সভায় এই চিত্র তুলে ধরা হয়। হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগে উচ্চ রক্তচাপ এখন জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মো. জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। তিনি জানান, তাদের এই কেন্দ্রটি শুধু চিকিৎসা সেবাতেই সীমাবদ্ধ নয়।
তারা সচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধে বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছেন। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৩২২টি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছে। এসব ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেওয়া হয়েছে।
উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ হিসেবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনেক সময় কোনো দৃশ্যমান উপসর্গ ছাড়াই এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনি বিকলের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। ব্রেন হেমারেজ বা দৃষ্টিশক্তি হ্রাসের মূলেও অনেক সময় অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকে। চিকিৎসকরা বলছেন, নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব ও অনিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। এ কারণে সুষম খাদ্যাভ্যাস ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার বিকল্প নেই।
একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি’ — এই প্রতিপাদ্যে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুহাম্মদ জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোখলেছুর রহমান সরকার। অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করেন প্রতিষ্ঠানের সিও আনোয়ার হোসেন। সভায় স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন