জুলাই ১০, ২০২৬, ১২:১২ এএম
অ্যাপেলের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বাজার বিশ্লেষক মিং-চি কুওর তথ্য অনুযায়ী, নতুন এই স্মার্টফোনের ক্যামেরা তৈরির ব্যয় আইফোন ১৭ প্রো-এর তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি হতে পারে। এই বর্ধিত খরচের প্রধান কারণ হিসেবে থাকছে নতুন ভেরিয়েবল অ্যাপারচার প্রযুক্তি।দীর্ঘদিনের গুঞ্জনের পর অ্যাপেল তাদের প্রিমিয়াম হ্যান্ডসেটে এই বিশেষ সুবিধা যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।
বর্তমান আইফোনের ক্যামেরায় নির্দিষ্ট অ্যাপারচার ব্যবহার করা হয়, যার ফলে ব্যবহারকারীরা লেন্সের মুখের আকার পরিবর্তনের সুযোগ পান না। তবে আইফোন ১৮ প্রো ম্যাক্সে লেন্সের অ্যাপারচার প্রয়োজন অনুযায়ী বড় বা ছোট করা সম্ভব হবে। নতুন এই প্রযুক্তি অনেকটা মানুষের চোখের মণির মতো কাজ করবে। কম আলোতে লেন্সের মুখ বড় হয়ে সেন্সরে বেশি আলো প্রবেশ করতে দেবে, যা অন্ধকার পরিবেশেও উজ্জ্বল ও পরিষ্কার ছবি তুলতে সহায়ক হবে।
অন্যদিকে, বেশি আলোতে অ্যাপারচার ছোট হয়ে ছবির ফোকাস নিয়ন্ত্রণে সাহায্য করবে, যা ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকেহ ইফেক্টকে আরও উন্নত করবে। লেন্স নির্মাতা প্রতিষ্ঠান সানি অপটিক্যাল নতুন ক্যামেরা মডিউলের ৪০ থেকে ৫০ শতাংশ অর্ডার সরবরাহ করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটি ম্যাকবুক নিও পণ্যের ক্যামেরা মডিউল তৈরির কাজ করেছে।
নতুন এই প্রযুক্তি যুক্ত হলে আইফোনের ক্যামেরা সাধারণ ছবি তোলার গণ্ডি পেরিয়ে পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। উৎপাদন খরচ বাড়লেও এই প্রযুক্তির কারণে গ্রাহকরা উন্নত মানের ছবি ও ভিডিও পাবেন বলে আশা করা হচ্ছে। অ্যাপেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য এখনো না দিলেও বাজারে প্রযুক্তিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন