রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দীর্ঘতম সূর্যগ্রহণ আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১০:২১ পিএম

দীর্ঘতম সূর্যগ্রহণ আসছে

Ai - ছবি

দীর্ঘ ৭৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে যাচ্ছে। ২০২৭ সালের ২ আগস্ট সৌদি আরবের আকাশ সাময়িকভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এই বিরল মহাজাগতিক ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে।দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় প্রায় ছয় মিনিটের জন্য পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখা যাবে।

সৌদি মহাকাশ সংস্থার তথ্যানুযায়ী, আভা শহরসহ নির্দিষ্ট কিছু অঞ্চলে পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে প্রায় ছয় মিনিট। জেদ্দা ও পশ্চিম উপকূলের বিভিন্ন অঞ্চলে এর সময়কাল হবে ৫ মিনিট ৫০ সেকেন্ডের কাছাকাছি। তবে প্রতিবেশী মিসরে এই সূর্যগ্রহণের স্থায়িত্ব আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, এই গ্রহণ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তায়েফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ বিভিন্ন শহরের ওপর দিয়ে অতিক্রম করবে। বিজ্ঞানীরা এটিকে সূর্যের বাইরের স্তর ‍‍`করোনা‍‍` নিয়ে গবেষণার জন্য একটি অনন্য সুযোগ হিসেবে দেখছেন।

পূর্ণগ্রাসের বাইরেও সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্য প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ঢাকা পড়ে যেতে পারে। এই মহাজাগতিক প্রভাবে দিনের আলো গোধূলির মতো ম্লান হবে এবং তাপমাত্রা সাময়িকভাবে কমে আসবে।

এদিকে, এই বিরল ঘটনাটি নিরাপদে উপভোগ করতে জনসাধারণকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে সৌদি মহাকাশ সংস্থা। খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো অত্যন্ত বিপজ্জনক। সংস্থাটি জানিয়েছে, সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক মানের সোলার ভিউয়িং গ্লাস বা বিশেষ ফিল্টারযুক্ত যন্ত্র ব্যবহার করা বাধ্যতামূলক।