আগস্ট ১৩, ২০২৬, ০৬:৩৩ পিএম
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে আলাদা একটি অ্যাপ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এই অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ ও দর্শক বাড়ানোর প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাবে।ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ব্যবহারের পর বুধবার থেকে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়েছে।
এতে যুক্ত করা হয়েছে এআইভিত্তিক ক্রিয়েটর সহকারী। এটি নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ এবং সামগ্রিক ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে বিভিন্ন পরামর্শ প্রদান করবে।নতুন এই অ্যাপে কনটেন্টের ফলাফল বুঝতে নির্মাতাদের আলাদা করে পরিসংখ্যান বিশ্লেষণ করার প্রয়োজন হবে না। তারা সরাসরি জানতে পারবেন, দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া কোন পোস্ট ভালো কাজ করছে এবং দর্শকের মন্তব্য সম্পর্কেও বিস্তারিত তথ্য দেবে এই অ্যাপ। প্রয়োজনে এআই সহকারীকে সরাসরি প্রশ্নও করা যাবে।মন্তব্য ব্যবস্থাপনার জন্যও অ্যাপটিতে এআই সুবিধা রাখা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখাবে এবং প্রয়োজন হলে উত্তর তৈরি করে দেবে, যা নির্মাতারা সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন। অ্যাপটি প্রতিদিন খোলার পর নির্মাতারা একটি অগ্রাধিকার তালিকা দেখতে পাবেন, যেখানে সর্বশেষ পোস্টের ফলাফল ও লক্ষ্য পূরণের অগ্রগতির তথ্য থাকবে।
ফেসবুকের এই উদ্যোগকে টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নির্মাতাদের নিজস্ব প্ল্যাটফর্মে সক্রিয় রাখার একটি কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় অ্যাপল ব্যবহারকারী নির্মাতাদের জন্য এটি চালু করা হয়েছে এবং পরবর্তীতে অন্যান্য দেশেও এর ব্যবহার ছড়িয়ে দেওয়া হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন