বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০৫:১৯ পিএম

আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের ফোনে অত্যন্ত বিপজ্জনক নজরদারি সফটওয়্যার বা ‘মার্সেনারি স্পাইওয়্যার’ হামলার আশঙ্কায় বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে এই সাইবার আক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে।সাংবাদিক, রাজনীতিবিদ ও কূটনীতিকদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশানা করতে হামলাকারীরা এই জটিল স্পাইওয়্যার ব্যবহার করে থাকে।

অ্যাপল জানিয়েছে, স্বল্প সময়ের জন্য সক্রিয় থাকায় এই ধরনের হামলা সাধারণ অ্যান্টিভাইরাস দিয়ে সহজে শনাক্ত করা যায় না। তবে সাধারণ ব্যবহারকারীদের এই ধরনের সাইবার আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি খুবই কম। কোনো ব্যবহারকারী অ্যাপলের এই সতর্কবার্তা পেলে দ্রুত ফোনের ‘লকডাউন মোড’ চালু করা এবং বিশেষায়িত সাইবার নিরাপত্তা সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে ডিভাইসের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা, শক্তিশালী পাসকোড ও ফেস বা টাচ আইডি ব্যবহার করা এবং দ্বি-স্তরীয় প্রমাণীকরণ চালু রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র অনুমোদিত অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামানো এবং অচেনা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে অ্যাপল।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।